নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের দুই জেলায় এক পৌরসভা, দুই উপজেলা ও চার ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ বুধবার, ২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে মানুষের ভোটাধিকার প্রয়োগ। চলবে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণে ব্যবহৃত হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম। তাই ফলাফল খুব দ্রুত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
পৌরসভা হচ্ছে সিলেটের বিশ্বনাথ। এখানে প্রথম নির্বাচন। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে ৮ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। প্রার্থী মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে ১৫ জন।
মেয়র পদে ভোটযুদ্ধে লড়ছেন আওয়ামী লীগের ফারুক আহমদ, আওয়ামী লীগ ঘরানার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মুহিবুর রহমান, উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ক্রীড়াবিদ মুমিন খান মুন্না, যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন ও পৌর আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম।
ওসমানীনগর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩ জন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের শামীম আহমদ ভিপি (সভাপতি, জেলা যুবলীগ), বিএনপি নেতা কামরুল ইসলাম ও খেলাফত মজলিস নেতা সৈয়দুর রহমান। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট সদর, পূর্ব জাফলং, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদেও ভোটগ্রহণ চলছে। পাঁচ চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগের আকমল হোসেন (সাবেক চেয়ারম্যান), আওয়ামী লীগের বিদ্রোহী মুক্তাদীর আহমদ মুক্তা (সিলেট প্রতিনিধি, বিটিভি), বর্তমান চেয়ারম্যান (বিএনপি সমর্থিত) আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের সৈয়দ তালহা আলম ও যুক্তরাজ্য প্রবাসী আব্বাস উদ্দিন চৌধুরী লিটন।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল।