নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে চাঞ্চল্যকর হত্যামামলার প্রধান আসামি সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
র্যাব ৯-এর তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সোহেল রানা নামের একজনের পিতার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তার পিতাকে মারধর শুরু করে। তিনি তখন পিতাকে রক্ষায় এগিয়ে গেলে প্রতিপক্ষ তাকেও গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তী সময়ে পরিবারের লোকজন সোহেল রানাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
এই ঘটনায় সোহেল রানার বাবা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের নামে আশুগঞ্জ থানায় পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানে শনিবার, ২৩ মার্চ সিলেটের জৈন্তাপুর উপজেলা এলাকা হতে এই হত্যামামলার প্রধান আসামি খলিল মিয়া সহ ২ আসামিকে গ্রেফতার করা হয়।
এছাড়াও র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ রবিবার, ২৪ মার্চ (১০ চৈত্র) বিকেল পৌণে ৩টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে একই মামলার অপর ২ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা রঙ্গিলা বাড়ির কাশেম মিয়ার ছেলে খলিল মিয়া (৩৬) ও মাঈন উদ্দিন (৩২), খলিল মিয়ার স্ত্রী আকলিমা বেগম (২৮) ও মৃত কিতাব আলীর ছেলে কাশেম মিয়া (৭৫)।
গ্রেফতারকৃত আসামিদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।