নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড়কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি/২৬ মাঘ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, দমদমিয়া ও বাংলাবাজার বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস, ঔষধ, মহিষ, বডি স্প্রে, স্কিন সাইন ক্রিম, চিনি, চকলেট, কমলা, ফুচকা, অলিভ অয়েল, বিড়ি ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মো নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। বিধি মোতাবেক আটককৃত চোরাচালানী মালামালগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।