নিজস্ব প্রতিবেদক : ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট জেলা আবার বন্যা কবলিত হয়েছে। অধিকাংশ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ। প্রস্তুত করা হয়েছে ৫৩৮টি আশ্রয়কেন্দ্র। ইতোমধ্যে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গোয়াইনঘাট উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সিলেটে সোমবার, ১৭ জুন (৩ আষাঢ়) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ২৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া বিভাগ। সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও টানা ভারি বৃ্ষ্টিতে মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ঈদের জামাত ও কোরবানি ব্যাহত হয়। অনেক এলাকায় পানি কিছুটা সরে যাওয়ার পর পশু কোরবানি দিতে হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।