নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট হচ্ছে আধ্যাত্মিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দল। কেউ যদি আঘাত করতে আসে তাহলে প্রতিহত করতে সকলের পাশে থাকবো।
তিনি আরও বলেছেন, সিলেটে আসা পর্যটকদের সম্মান প্রদর্শন করতে হবে। এর মধ্য দিয়ে সবাই মিলে ‘প্রকৃতিকন্যা সিলেট’কে এগিয়ে নিয়ে যাবো।
বুধবার, ২৮ জুন দুপুরে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে ফিরতি রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নবনির্বাচিত সিসিক মেয়র প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন মন্দির সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে অংশ নেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক।
তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের। সবাই এখানে নিজ নিজ ধর্ম পালন করবেন।
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন জঙ্গিবাদ ও অপশক্তি ধ্বংস করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্যে সবার প্রতি তিনি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ফিরতি রথযাত্রা উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এরপর বিকেলে বিশাল শোভাযাত্রা বের করা হয়।