সিলেট অঞ্চলকে বন্যামুক্ত করতে নদীখননসহ প্রয়োজনীয় সবকিছু করা হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত June 21, 2022
সিলেট অঞ্চলকে বন্যামুক্ত করতে নদীখননসহ প্রয়োজনীয় সবকিছু করা হবে : প্রধানমন্ত্রী

জাকারিয়া হোসেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিলেট অঞ্চলকে বন্যামুক্ত করতে নদীখননসহ প্রয়োজনীয় সবকিছু করা হবে।
মঙ্গলবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভা শেষে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ‍নিশ্চিত করেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে সবধরনের সহায়তা দেওয়া হবে। জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে রাস্তাঘাট। কৃষি পুনর্বাসনেও সবকিছু করা হবে।
তিনি বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ পরিচালনাসহ ত্রাণ তৎপরতা চালানোর জন্যে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব, পুলিশ, জনপ্রশাসন ও আওয়ামী লীগসহ সকলকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পুনর্বাসনের ব্যাপারে দিকনির্দশনা দেন।
বাসস জানায়, মতবিনিময় সভায় সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং বন্যা ও এর ক্ষয়ক্ষতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
বিভাগীয় প্রশাসন জানায়, বিভাগের ৪টি জেলার ৩৩টি উপজেলা বন্যায় আক্রান্ত। এখনও ৪৫ লাখের বেশি মানুষ বন্যাকবলিত এলাকায় আটকে আছে। আশ্রয়কেন্দ্রে এসেছে ৪ লাখ ১৪ হাজার মানুষ। এ পর্যন্ত ১ হাজার ২৮৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
আরও জানানো হয়, বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য ৩০০টিরও বেশি মেডিক্যাল টিম কাজ করছে। ২৪ হাজার প্যাকেট শুকনো খাবার, নগদ ২ কোটি ৪৫ লাখ টাকা ও ১ হাজার ৩০৭ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অন্যদিকে পানির নিচে তলিয়ে গেছে ৭৪ হাজার হেক্টর জমি। ৪০ হাজার পুকুর ও হ্যাচারি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে আনুমানিক ১৪২ কোটি টাকার ক্ষতি হয়েছে।