নিজস্ব প্রতিবেদক : সিলেটের ৬ আসনে দাখিলকৃত ৪৭টি মনোনয়নপত্রের মধ্যে ৩১টি বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ১৪টি। আর ২টি স্থগিত করা হয়েছে।
দলীয় পরিচয় সংক্রান্ত কাগজপত্র যথাযথ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য গণফোরাম প্রার্থী দাবিদার মোকাব্বির খানের। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীর মনোনয়নপত্র প্রথমে স্থগিত করা হলেও পরে বৈধ ঘোষণা করা হয়। তবে সিলেট-৬ আসনে সকল প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ হয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। পরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসান ফলাফল ঘোষণা করেন।
গত ৩০ নভেম্বর পর্যন্ত জেলার ৬ আসনে দাখিলকৃত মনোয়নপত্রগুলোর মধ্যে যাচাই বাছাইয়ের ফলাফল অনুযায়ী সিলেট-১ আসনে বৈধ ৫টি, স্থগিত ১টি ও বাতিল ১টি।
সিলেট-২ আসনে বৈধ ৫টি ও বাতিল ৮টি।
সিলেট-৩ আসনে বৈধ ৫টি ও বাতিল ৩টি।
সিলেট-৪ আসনে বৈধ ৩টি ও বাতিল ১টি।
সিলেট-৫ আসনে বৈধ ৭টি ও স্থগিত ১টি।
সিলেট-৬ আসনের ৬টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে তারা হলেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের ড এ কে আবদুল মোমেন, জাকের পার্টির মো আবদুল হান্নান, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মো সোহেল আহমদ চৌধুরী ও স্বতন্ত্র আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
সিলেট-২ আসনে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী, তৃণমূল বিএনপির মো আবদুল মান্নান খান, জাকের পার্টির মো ছায়েদ মিয়া ও স্বতন্ত্র আলতাফুর রহমান সোহেল।
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আনোয়ার হোসেন আফরোজ, ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুম ও স্বতন্ত্র কফিল আহমদ চৌধুরী।
সিলেট-৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমদ, ইসলামী ঐক্যজোটের মো নাজিম উদ্দিন কামরান ও জাকের পার্টির মো আলী আকবর।
সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ, জাতীয় পার্টির শাব্বীর আহমদ, বাংলাদেশ মুসলিম লীগের মো খায়রুল ইসলাম, তৃণমূল বিএনপির কুতুব উদ্দিন শিকদার, স্বতন্ত্র মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ আল কবীর এবং বাংলাদেশ কংগ্রেসের মো বদরুল আলম।
সিলেট-৬ আসনে আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টির সেলিম উদ্দিন, তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান, ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান ও স্বতন্ত্র আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন।
সিলেট-১ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আবদুল বাছিতের মনোনয়নপত্র বাতিল ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির ইউসুফ আহমদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
সিলেট-২ আসনে ইয়াহিয়া চৌধুরীর মনোনয়নপত্র প্রথমে স্থগিত করা হয়। পরবর্তী সময়ে তিনি প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তবে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মো মনোয়ার হোসেনের মনোনয়নপত্র স্থগিত আর গণফোরামের মোকাব্বির খান, তৃণমূল বিএনপির মো আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেসের মো জহির এবং স্বতন্ত্র বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, ইকবাল হোসেন ও মোশাহিদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএমএর মহাসচিব ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল ওে মো ফখরুল ইসলাম এবং ইসলামী ঐক্যজোটের মো মইনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মো আবুল হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
সিলেট-৫ আসনে তৃণমূল বিএনপির কয়ছর আহমদ কাওসারের মনোনয়নপত্র স্থগিত হয়েছে।