সিলেটে ২ কোটি টাকার ভারতীয় অবৈধ চিনি বোঝাই ১৪টি ট্রাক জব্দ || আটক নেই

প্রকাশিত June 6, 2024
সিলেটে ২ কোটি টাকার ভারতীয় অবৈধ চিনি বোঝাই ১৪টি ট্রাক জব্দ || আটক নেই

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপি অবৈধভাবে দেশে আসা ভারতীয় চিনি বোঝাই ১৪টি ট্রাক জব্দ করেছে। তবে এর সঙ্গে জড়িত কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার, ৬ জুন (২৩ জ্যৈষ্ঠ) সকাল ৬টার দিকে সিলেট-জালালাবাদ-কোম্পানীগঞ্জ সড়কের উমাইরগাঁও এলাকায় ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ট্রাকগুলো আটক করা হয়।
এর আগে একসঙ্গে এতগুলো ট্রাক ভর্তি ভারতীয় চিনি ধরা পড়েনি বলে পুলিশ জানিয়েছে।
ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদ এলাকার দিকে আসছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় এই চিনির আনুমানিক মূল্য ২ কোটি টাকা। এ খবর পাওয়া পর্যন্ত গাড়িগুলো জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হচ্ছিল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, ওসি মিজানুর রহমান ও ওসি-তদন্ত খালেদ মামুন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।