নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বিএনপির মহাসমাবেশে সরকার দলের সন্ত্রাসী ও পুলিশের যৌথ হামলার এবং রবিবারের সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে গণগ্রেফতারের প্রতিবাদে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার জন্য দলের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন।
বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী দলের সকল ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি এ আহবান জানিয়েছেন।
এদিকে আজ মঙ্গলবার, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত আহুত অবরোধ কর্মসূচিকালে সিলেট জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সমন্বয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা পরিলক্ষিত হলে বা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো মতামত থাকলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ভবনের নিচতলায় লাইব্রেরি কক্ষে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে (মোবাইল নম্বর : ০১৯৭৯০৬৭৪৫৪) যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।