নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিএনপি আহুত হরতাল চলছে। তবে আংশিক অর্থাৎ ঢিলেঢালাভাবে। মহানগরীতে ভারী যানবাহন রাস্তায় না নামলেও রিকশা, সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহন উল্লেখযোগ্য হারে চলছে।
রবিবার, ২৯ অক্টোবর সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা মহানগরীর বিভিন্ন এলাকায় পিকেটিংয়ের চেষ্টা করেন; কিন্তু পুলিশের আকস্মিক উপস্থিতিতে বেশিক্ষণ টিকতে পারেননি।
আইনশৃঙ্খলা বাহিনী কাজী ইলিয়াস এলাকায় পিকেটারদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদাতে গ্যাস নিক্ষেপ করে। সাউন্ড গ্রেনেডও ফাটায়। এ সময় পুলিশের ৫ সদস্য আহত হন। পরে বিএনপির ৭ কর্মীকে আটক করা হয়।
সকাল ৯টার দিকে মহানগরের লন্ডনি রোডের হাজীপাড়ার মুখ থেকে ৩০-৩৫টি মোটরসাইকেলে করে বিএনপি নেতা-কর্মীরা বের হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা সহ ১০-১২টি গাড়িতে ভাঙচুর চালান।
সকাল সোয়া ৯টার দিকে জেলরোড পয়েন্টে বিএনপি নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটান বলে পুলিশ জানিয়েছে।
সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।
একই সময়ে তেতলিতে এই মহাসড়কে টায়ারে আগুন দিয়ে হরতাল সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন।