নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেটের বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ এক তথ্য বিবরণীতে জানিয়েছে, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র্যাব-৯, সিলেট গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিলেটের একাধিক আভিযানিক দল বুধবার, ২৭ মার্চ (১৩ চৈত্র) মহানগরীর বন্দরবাজার, চৌহাট্টা পয়েন্ট, মহাজনপট্টি ও রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া প্রাথমিক তথ্য থেকে র্যাব-৯ জানতে পেরেছে, সিলেট মহানগরীর বিভিন্ন জনবহুল এলাকায় একাধিক সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। এসব ছিনতাইকারী সাধারণ পথচারী, রিকশা আরোহী, সিএনজি অটোরিকশা আরোহী ও যানজটে থাকা যানবাহন যাত্রীদের নিশানা করে সুবিধাজনক স্থান ও সময়ে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে।
আরও জানা গেছে, সিএনজি অটোরিকশায় যাত্রী বেশে উঠে সুবিধাজনক স্থানে অটোরিকশা থামিয়ে তাতে থাকা অন্যান্য যাত্রীর নিকট থেকে মোবাইল ফোন, মানিব্যাগ কিংবা পার্স ছিনিয়ে নেয়।
সাধারণত ইফতারের কিছু পূর্বে ও ইফতারের পরে বিভিন্ন মার্কেট ও জনবহুল স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের নেতৃত্বে রয়েছে উঠতি বয়সি কিছু তরুণ। তারা মহানগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় আড্ডা দেয় এবং সুযোগ বুঝে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালায়। অনেক সময় তারা ভয়ভীতি কিংবা ধারালো অস্ত্র প্রদর্শন করে মানুষের সর্বস্ব লুটে নেয় । কেউ বাধা দিলে প্রাণঘাতি আঘাত করতেও দ্বিধাবোধ করে না। অপরাধী চক্র অল্প সময়ে ছিনতাই শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ছিনতাইকারী চক্রের সদস্যরা ছিনতাইকৃত অর্থ দিয়ে মাদকদ্রব্য সেবন বা অনেকে জীবিকা নির্বাহ করে থাকে বলেও তথ্য উঠে এসেছে।
গ্রেফতারকৃতরা হলো আব্দুল হালিম (৬০, পিতা মৃত আব্দুর রাজ্জাক, ইসলামপুর, তাহিরপুর, সুনামগঞ্জ), জীবন আহমেদ (২১, পিতা নূরুল ইসলাম, টেকারঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ), আল ইসলাম (৩২, পিতা মৃত আফাজ উদ্দিন, গুলগাঁও, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ), উজ্জ্বল মিয়া (৩৫, পিতা আব্দুর কাদির, শান্তিপুর, ধর্মপাশা, সুনামগঞ্জ), রুয়েল (২৫, পিতা মৃত কুদ্দুস মিয়া, বাঘাসুরা, মাধবপুর, হবিগঞ্জ), সোহেল আহমেদ (৩৯, পিতা মৃত সোহরাব আলী, ইসলামপুর, ছাতক, সুনামগঞ্জ), ছালিম চৌধুরী, পিতা মস্তর আলী, চৌকিদেখি, সিলেট), শফিকুল ইসলাম (৩৫, পিতা মৃত ছিদ্দিক আলী, পূর্ব নিশ্চিতপুর, তাহিরপুর, সুনামগঞ্জ), জহুর বাদশা (৩২, পিতা মৃত ফজর আলী, রাজাপাশা, ধর্মপাশা, সুনামগঞ্জ), মো জিহাদ আহমেদ (১৬, পিতা ময়না মিয়া, ছড়ারপাড়, সিলেট), বাবুল (২৫, পিতা মৃত ফরিদ মিয়া, লক্ষীপাশা, গোলাপগঞ্জ, সিলেট) ও জাকির ওরফে ইমন (২০, পিতা কালা মিয়া, নিমনগর, পঞ্চগড়)।
গ্রেফতারকালে তাদের নিকট হতে সুইচ গিয়ার, চাকু, এন্টিকাটার, কাঁচি, ব্লেড, মোবাইল ফোন, নগদ টাকা ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
এই ১২ জনের প্রায় সকলের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।