সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন

প্রকাশিত October 15, 2021
সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শরৎকালে কৈলাসে স্বামী গৃহ থেকে পুত্র-কন্যাসহ মর্তে্য পিত্রালয়ে আসেন দেবী দুর্গতিনাশিনী। অবস্থান করেন দিন কয়েক। আর এই সময়টা জুড়ে আনন্দ-উল্লাসে মেতে থাকেন প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী। পূর্জা-অর্চনায় পার হয় প্রতিটি মুহূর্ত। নতুন জামা গায়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজারীরা প্রতিমা দর্শন করেন। দেবীর কাছে নিজের, পরিবারের, সমাজের, রাষ্ট্রের ও বিশ্বের কল্যাণ কামনা করে আকুতি জানান।
শরৎকালে দুর্গাপূজা। তাই শারদীয় দুর্গোৎসব। উৎসবপ্রিয় বাঙালির কাছে অন্যান্য উৎসবের মতো দুর্গাপূজাও সার্বজনীন উৎসব হিসেবে স্বীকৃত। এই বিশ্ব-ব্রহ্মাণ্ডে বাঙালিই কেবল গর্বভরে উচ্চারণ করতে পারে, ধর্ম যার যার-উৎসব সবার। এবারও এর ব্যতিক্রম হয়নি। অশুভ চক্রের অপতৎপরতার মুখে ছাই দিয়ে সফলভাবেই শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
এই উৎসবের সর্বশেষ কর্মসূচি ছিল প্রতিমা বিসর্জন। শুক্রবার বিকেলে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও বিষাদের সুরে দেবী দুর্গাকে ভক্ত-অনুরাগীরা বিদায় জানান। প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী চাঁদনীঘাটে মহানগরীর মাঝ বরাবর বয়ে চলা নদী সুরমার বুকে শিল্পীর নিপুণহাতে গড়া প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তুলে কঠোর নিরাপত্তাবলয়। তাই নির্বিঘ্নে বিসর্জন সম্পন্ন করে শোকাহত পূজারীরা ঘরে ফিরেন।