সিলেটে র‌্যাবের হাতে মোবাইল ফোন ও আইএমইআই পরিবর্তনের সরঞ্জামাদিসহ গ্রেফতার ৬

প্রকাশিত June 11, 2024
সিলেটে র‌্যাবের হাতে মোবাইল ফোন ও আইএমইআই পরিবর্তনের সরঞ্জামাদিসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও আইএমইআই পরিবর্তনের সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেফতার করেছে।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজ, অজ্ঞান পার্টি, মলম পার্টি, চুরি-ছিনতাই ও চোরাই মোবাইল ফোন সিন্ডিকেট চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ সোমবার, ১০ জুন সিলেট মহানগরীর করিম উল্লাহ মার্কেটের ৩য় তলায় একাধিক মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার, ১১ জুন (২৭ জ্যৈষ্ঠ) দুপুরে র‌্যাব-৯ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো মশিহুর রহমান সোহেল জানান, গ্রেফতারকৃতদের নিকট থেকে ২৩১টি স্মার্ট মোবাইল ফোন, ১০টি বাটন মোবাইল ফোন, ১০টি ট্যাব, ২টি পিসি, ৩টি মনিটর, ২টি কীবোর্ড, ২টি মাউস, ১টি হার্ডড্রাইভ, ২টি পেনড্রাইভ, নগদ ৭৫ হাজার ৫৫০ টাকা এবং ১টি আইএমইআই পরিবর্তনকারী ডিভাইস জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নজিবুল ইসলাম জেবলু (২২), মো আব্দুর রহিম (২৮), মো মাসুদ মিয়া (২৩), মো ইমন (২২), মিজানুর রহমান (২২) ও আব্দুর রহমান (২২)।