নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান ‘সিলেটের শায়েখ’ খ্যাত আবদুল্লাহ মায়মুন সহ পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত চার জঙ্গিকে সিলেটের বড়শালা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা জানতে পারে, আব্দুল্লাহ মায়মুন সংগঠনের কয়েকজন সদস্যসহ সিলেট এলাকায় অবস্থান নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় সোমবার, ৮ এপ্রিল রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার বড়শালা বাজার এলাকা হতে আব্দুল্লাহ মায়মুন ওরফে মুমিন (৩৪, পিতা হাফিজ মাওলানা মাহমুদ হোসাইন, দক্ষিণ সুরমা, সিলেট), মো আবু জাফর ওরফে জাফর ওরফে তাহান (৪০, পিতা মৃত শেখ আব্দুস ছালাম মাস্টার, চরভদ্রাসন, ফরিদপুর), মো আক্তার কাজী ওরফে সাইদ ওরফে আইজল (৩৮, পিতা মৃত মোস্তফা কাজী, মতলব উত্তর, চাঁদপুর) ও সালাউদ্দিন রাজ্জাক মোল্লাকে (৩২, পিতা মৃত আব্দুর রাজ্জাক মোল্লা, মোকসেদপুর, গোপালগঞ্জ) গ্রেফতার করে। এ সময় নগদ ২ লাখ টাকা, ইলেকট্রনিক ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়।
র্যাব ৯ জানায়, আব্দুল্লাহ মায়মুন সিলেটের একটি মাদরাসা হতে দাখিল সম্পন্ন করে। এছাড়া অনলাইনে ফিলিস্তিন, মায়ানমার ও ইরাকসহ বিভিন্ন স্থানে মুসলমানদের উপর নির্যাতনের ভিডিও দেখে উগ্রবাদে আকৃষ্ট হয়। ২০১৩ সালে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে আনসার আল ইসলাম নামের জঙ্গি সংগঠনে যোগ দেয়।
আব্দুল্লাহ মায়মুন আনসার আল ইসলামের সিলেট বিভাগীয় মাসূল বা প্রধান ছিল। এই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা চাকুরিচ্যুত মেজর জিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো। এমনকি জঙ্গি জিয়া তার বাসায় নিয়মিত যাতায়াত করতো। ২০১৯ সালে বগুড়ার একটি সন্ত্রাস বিরোধী মামলায় সে গ্রেফতার হয় এবং ২০২০ সালের শেষের দিকে জামিনে মুক্তি পায়। পরবর্তী সময়ে জামিন বাতিল হলে আত্মগোপনে চলে যায়।
২০২১ সালে শুরা সদস্য রণবীর ও মানিকের মাধ্যমে আব্দুল্লাহ মায়মুন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’য় যোগ দিয়ে পাহাড়ে চলে যায় এবং শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়। এছাড়াও সে সিলেট অঞ্চলে দাওয়াত ও প্রশিক্ষণসহ সংগঠনটির সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করতো। সে সাংগঠনিক কাজে বিভিন্ন সময়ে সমতল ও পাহাড়ে আসা যাওয়া করতো। সিলেট বিভাগের যারা এই জঙ্গি সংগঠনে যুক্ত হয় তারা তার মাধ্যমে আসে।
শুরুর দিকে তার মাধ্যমে আনসার আল ইসলাম এই জঙ্গি সংগঠনকে ১৫ লাখ টাকা অনুদান দেয়। মূলত সে আনসার আল ইসলামের সঙ্গে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সেতু বন্ধন তৈরি করে। এছাড়াও তার পরিচিত প্রবাসে থাকা বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এবং নিজ অর্থায়নে এই জঙ্গি সংগঠনের জন্য প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে। বিভিন্ন সময়ে সে বিদেশে অবস্থানরত তার আত্মীয় ও বন্ধু-বান্ধবের নিকট থেকে প্রতি ৩/৪ মাস পরপর ৩০/৩৫ লাখ টাকা নিয়ে আসতো বলে সূত্রে জানা যায়।
পাহাড়ে অভিযান শুরু হলে সে সংগঠনের সিদ্ধান্তে সমতলে এসে ঢাকা ও নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল। সাম্প্রতিক সময়ে সে পরিচয় গোপন করে মিথ্যা তথ্য দিয়ে সিলেটের একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিল। আত্মগোপনে থেকে সে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে সাংগঠনিক বিভিন্ন কাজ করতে থাকে। একই সঙ্গে আনসার আল ইসলামের সঙ্গে সমন্বয় করে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছিল।
উল্লেখ্য, জঙ্গি সংগঠন জেএমবি প্রধান শায়েখ আব্দুর রহমান ২০০৬ সালে সিলেটে র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিল। পরে তার ফাঁসি হয়।