নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রেললাইন কেটে ফেলা সহ ট্রেনে অগ্নিসংযোগের মতো নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
শুক্রবার, ২২ ডিসেম্বর (৭ পৌষ) রাতে সিলেট রেল স্টেশনে প্রেসব্রিফিংয়ে র্যাব ৯ অধিনায়ক উইং কমান্ডার মো মোমিনুল হক এ তথ্য জানান।
তিনি জানান, র্যাব ৯-এর আওতাধীন এলাকা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার রেল স্টেশনগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে রোবাস্ট পেট্রোল। নাশকতাকারী ও দুষ্কৃতকারীরা যেন কোন দাহ্য পদার্থ, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য কিংবা অবৈধ মালামাল (মাদক, আগ্নেয়াস্ত্র ইত্যাদি) বহন করতে না পারে সেজন্য প্রতিটি রেল স্টেশনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, ট্রেন যাত্রীদের নিরাপত্তার অংশ হিসেবে রেল স্টেশন ও বিভিন্ন ট্রেনে র্যাব ৯-এর বোম্ব ডিসপোজাল ইউনিট বিভিন্ন সময় সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যে কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রেল স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে অত্যন্ত সর্তকতার সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়াও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় ও তথ্য আদান প্রদানের মাধ্যমে ট্রেন যাত্রার নিরাপত্তা নিশ্চিতে র্যাব-৯ কাজ করে যাচ্ছে বলেও অধিনায়ক নিশ্চিত করেন।
তিনি জানান, ট্রেন যাত্রীদের জানমালের নিরাপত্তা ও রেললাইনের নাশকতা রোধে র্যাব ৯-এর এই নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে।