সিলেটে রেড ক্রিসেন্ট সেবা কার্যক্রমকে আরও উন্নত ও বিস্তৃত করতে চান নাসির

প্রকাশিত December 3, 2022
সিলেটে রেড ক্রিসেন্ট সেবা কার্যক্রমকে আরও উন্নত ও বিস্তৃত করতে চান নাসির

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এই আন্তর্জাতিক মানবকল্যাণ সংস্থার সেবা কার্যক্রমকে আরও উন্নত ও বিস্তৃত করতে চান। এ জন্যে আজীবন সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
শনিবার সকালে সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃকায় তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে সহজে ও স্বল্প খরচে এই সংস্থা থেকে উন্নত সেবা পায় তা নিশ্চিত করতেই সেবা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি সিলেটের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির অনুরোধ জানালে প্রধানমন্ত্রী নিজের হাতে লিখে রাখেন বলে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জানান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে সংস্থার সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন।
তিনি আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণসহ মানবসেবা কার্যক্রম ব্যাপক থেকে ব্যাপকতর হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য নূরুল আমিন, প্রবীণ লেখক-সাংবাদিক রফিকুর রহমান লজু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ রেনু, স্কলার্স হোম ইসলামপুর শাখার প্রিন্সিপাল ফয়জুল হক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাহী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, এ জেড আমাতুজ জাহুরা রুবা ও শোয়েব আহমদ চৌধুরী।