সিলেটে রাগীব রাবেয়া হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুসন্তানের মৃত্যুর অভিযোগ পিতার

প্রকাশিত October 14, 2024
সিলেটে রাগীব রাবেয়া হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুসন্তানের মৃত্যুর অভিযোগ পিতার

নিজস্ব প্রতিবেদক : এক পিতা সিলেটে রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় তার শিশুসন্তানের মৃত্যুর অভিযোগ করেছেন।
রবিবার (১৩ অক্টোবর, ২৮ আশ্বিন) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সুনামগঞ্জের ছাতক উপজেলার হাজিপাড়া নোয়াগাঁও গনেশপুর গ্রামের আমিনুর রহমান মুবিন এ অভিযোগ করে জানান, সন্তানের অকাল মৃত্যুর ব্যাপারে তিনি হাসপাতাল কর্র্তৃপক্ষের বিরুদ্ধে আইনের আশ্রয় নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে আমিনুর রহমান মুবিন জানান, তার ২২ মাস বয়সী ছেলে হামদান মিরান গত ৬ অক্টোবর থেকে আমাশয় রোগে ভুগছিল। উন্নত চিকিৎসার জন্য ৮ অক্টোবর তাকে রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তার প্রয়োজনীয় সকল পরীক্ষা এমনকি আলট্রাসনোগ্রামও করা হয়; কিন্তু রোগ নির্ণয় করা না যাওয়ায় প্রাথমিকভাবে আমাশয় ও ডায়রিয়ার চিকিৎসাই চলছিল।
তিনি হাসপাতালের ব্যবস্থাপত্র প্রদর্শন করে জানান, ৯ অক্টোবর চিকিৎসক প্রেসক্রিপশনে তার সন্তানকে ‘কে-ওয়ান’ ইনজেকশন (জিরো পয়েন্ট ৫ এমএম) দেওয়ার কথা লিখে দেন; কিন্তু নার্স তাকে ‘কেটি-ওয়ান’ ইনজেকশন আনার জন্যে লিখে দেন।
আমিনুর রহমান মুবিন জানান, তিনি নার্সের দেওয়া স্লিপ অনুযায়ী ইনজেকশনটি ফার্মেসি থেকে এনে দেওয়ার পর নার্স দুপুর সোয়া ২টায় তা হামদান মিরানের শরীরে পুশ করেন। সঙ্গে সঙ্গে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ ব্যাপারে চিকিৎসককে জানানো হলে তিনি এসে জানান, শিশুটির আইসিউ সেবা লাগবে; কিন্তু রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিউ বেড খালি নেই জানিয়ে পাশেই মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন; কিন্তু সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, তার সন্তান আর নেই।
আরো জানান, তখন তিনি চিকিৎসকের প্রেসক্রিপশন ও নার্সের স্লিপ মিলিয়ে দেখেন, একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। একজন চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারেন, হামদান মিরানের শরীরে যে ইনজেকশন পুশ করা হয়েছে তা বড়দের, যা কোনোভাবেই শিশুর ক্ষেত্রে প্রযোজ্য নয়; কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নার্সের এই ভুল স্বীকার করতে রাজি নয়।
সংবাদ সম্মেলনে আমিনুর রহমান মুবিন তার সন্তানকে রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হত্যা করেছে অভিযোগ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও জানান, এ ঘটনার ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য অধিদপ্তর, জেলা প্রশাসক, সিভিল সার্জন ও র‌্যাব-৯ অধিনায়ক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
এছাড়া সচেতন নাগরিক সমাজ প্রতিবাদী কর্মসূচি পালন করতে যাচ্ছেন এবং তিনিও আইনের আশ্রয় নিচ্ছেন বলে আমিনুর রহমান মুবিন জানিয়েছেন।