নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী সিলেটে নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি (৩ ফাল্গুন) সকালে হজরত শাহজালাল (র) দরগা কবরস্থানে জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী সামরিক মর্যাদায় বঙ্গবীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে জেনারেল এম এ জি ওসমানীর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে। সিলেট এরিয়ার সকল উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ তখন উপস্থিত ছিলেন।
এছাড়া বঙ্গবীরের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও দিনটি নানা কর্মসূচিতে পালন করেছে।