সিলেটে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে আরও ৬০৬ পরিবার || গৃহহীন মুক্ত হচ্ছে ৪ উপেজেলা

প্রকাশিত March 17, 2023
সিলেটে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে আরও ৬০৬ পরিবার || গৃহহীন মুক্ত হচ্ছে ৪ উপেজেলা

নিজস্ব প্রতিবেদক : `বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুশাসনের প্রতিফলন সিলেটে আরও ৬০৬টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই। আগামী বুধবার, ২২ মার্চ থেকে এই পরিবারগুলোর মাথার উপর আর খোলা আকাশ নয়-থাকবে রঙিন টিনের চাল। বঙ্গবন্ধুকন্যা তা নিশ্চিত করছেন।
এ দিন বাংলাদেশকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার চলমান যুগান্তকারী প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের নির্ধারিত ঘরগুলো সিলেটের এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুরে উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়ে যাবে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও আশ্রয়ণ প্রকল্পে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থেকে গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলেছে।
উল্লেখ্য, ইতোমধ্যে সিলেট জেলার ৫ হাজার ৫৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ৪ হাজার ১৮৯টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়ে গেছে। প্রথম পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ৩ হাজার ১৩১টি ও দ্বিতীয় পর্যায়ে ১১৫টি এবং তৃতীয় পর্যায়ে ১ হাজার ১৫৮টি ঘরের মধ্যে ১ হাজার ১২৮টির নির্মাণ কাজ শেষ। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুন মাস নাগাদ আরও ৭ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।
এই প্রকল্পের আওতায় প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৩ সালের শেষ নাগাদ সিলেট জেলাকে সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা যাবে বলে আশা করা হচ্ছে।