সিলেটে ভূমিকম্প ঝুঁকি : ক্ষয়ক্ষতি এড়াতে ’বিল্ডিং কোড’ শতভাগ অনুসরণের বিকল্প নেই

প্রকাশিত October 7, 2023
সিলেটে ভূমিকম্প ঝুঁকি : ক্ষয়ক্ষতি এড়াতে ’বিল্ডিং কোড’ শতভাগ অনুসরণের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর পলিমাটির আশীর্বাদপুষ্ট একটি দেশ। প্রকৃতিগত কারণে এই দেশের মাটির নিচে রয়েছে গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্প।| ভূতাত্ত্বিকভাবে ৩টি সিসমিক প্লেট ও ডাউকি-মধুপুর ফল্টের মধ্যে বাংলাদেশের অবস্থান। এছড়া বাংলাদেশের ভিতরে মধুপুর ফল্ট এবং ফেনী-শাহবাজপুর-কুমিল্লা ও জৈন্তাপুর ফল্ট লাইন রয়েছে বলে ভূতাত্ত্বিকরা মনে করেন।
ইতিহাস বলে, ১৭৬২ সালে আরাকান বেল্টে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে সেন্টমার্টিন দ্বীপের সৃষ্টি হয়েছে।
১৮৯৭ সালে শ্রীমঙ্গলে ৮.৩ মাত্রার, ১৯১৮ সালে পুরো বাংলাদেশে ৭.৮ মাত্রার ও ১৯৩৪ সালে নেপালে ও ভারতের বিহারে ভূমিকম্প হয়।
আর্থ কোয়েক মডেলের গবেষণায় ভুটান থেকে মিয়ানমার পর্যন্ত ২ হাজার ৫০০ কিলোমিটার লম্বা ফল্ট লাইন আছে, যেখানে গত ৫০০ বছরে ১৪টি বড় মাত্রার ভূমিকম্প হয়েছে।
বাংলাদেশে ও আশেপাশে ২০২২ সালের পর হতে ২০২৩ সালের এখন পর্যন্ত ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্পের সংখ্যা ২০। আর ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে ৪টি।
বাংলাদেশের ভিতরে ও আশেপাশে সক্রিয় ফল্ট লাইনগুলো হলো ৩০০ কিলোমিটার লম্বা ডাউকি ফল্ট লাইন, ৮১০ কিলোমিটার লম্বা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত ফল্ট লাইন, মধুপুর ফল্টলাইন, শাহবাজপুর-কুমিল্লা-ফেনী ফল্ট লাইন এবং মিয়ানমারের সীমান্তবর্তী ফন্ট লাইন।
২০০৩ সালে চট্টগ্রামে ৫.৬ মাত্রার যে মাঝারি ভূমিকম্প হয়েছিল সেটার উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত ফন্ট লাইন। সীমান্তবর্তী এলাকায় এই মাত্রার ভূমিকম্প হলে সেটা বড় ভূমিকম্পের আশংকা বৃদ্ধি করে।
গত কয়েক বছরে অনুভূত ভূমিকম্পের অন্তত ২০টির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের ভিতরে ও সীমান্তবর্তী ভারতীয় পূর্বাঞ্চলে। এর মধ্যে ১১টি ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটে ও ডাউকি ফল্ট লাইনের পূর্ব অংশে। প্রতি বছর এই ডাউকি ফল্ট লাইনের পূর্বাঞ্চলে মাঝারি ধরনের ভূমিকম্প হচ্ছে।
ভূমিকম্প জনিত ক্ষয়ক্ষতি এড়াতে গৃহনির্মাণ নীতিমালা (বিল্ডিং কোড) শতভাগ অনুসরণের বিকল্প নেই। তাই বাড়িঘর তৈরির অনুমতি প্রদানের সঙ্গে সঙ্গে অবশ্যই গৃহনির্মাণ নীতিমালা কার্যকর নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি এবং ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন প্রস্তুতি। তা নাহলে ভয়াবহ বিপর্যয় ঠেকানো যাবেনা।
বি দ্র : সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে গত ৩ অক্টোবর ভূমিকম্পের সম্ভাব্য আঘাত ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় ‘ভূমিকম্প-প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড মো জহির বিন আলমের উপস্থাপিত প্রবন্ধ ও আলোচনা অনুসারে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।