নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড হয়েছে। খালাস পেয়েছেন একজন। প্রায় ৭ বছর পর রায় ঘোষণা হলো।
বুধবার দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নূরুল আমীন বিপ্লব মামলার রায় ঘোষণা করেন। এতে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫) ও ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫), দক্ষিণ সুরমার খালপাড় তালবাড়ি গ্রামের ফয়সাল আহমদ (২৭) ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর গ্রামের মামুনুর রশীদকে (২৫)। এরমধ্যে আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ পলাতক রয়েছে।
অভিযোগপত্রে আসামি করা হয় ছয় জনকে। অন্য দুজন হলো, সিলেট মহানগরীর রিকাবীবাজার এলাকায় ফারাবী সাফিউর রহমান (৩০) ও কানাইঘাট উপজেলার পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী (২৪)। তবে ফারাবী সাফিউর রহমান খালাস পেয়েছেন।
অপরজন মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী ২০১৭ সালের ২ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রায় ঘোষণার সময় আবুল খায়ের রশীদ আহমদ ও ফারাবী সাফিউর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ১২ মে সকালে সিলেট মহানগরীর সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকায় নিজ বাসার সামনে উগ্রপন্থীদের হাতে খুন হন অনন্ত বিজয় দাশ। তিনি পেশায় ছিলেন ব্যাংকার। এর পাশাপাশি বিজ্ঞানের আলোকে লেখালেখি করতেন।