সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ আহত ২০

প্রকাশিত August 3, 2024
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার সেল ব্যবহার করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার, ৩ আগস্ট (১৯ শ্রাবণ) দুপুর ২টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, যা এক পর্যায়ে বিশাল সমাবেশ পরিণত হয়।
শিক্ষার্থীরা নিজেদের দাবি আদায়ে নানা ধরনের স্লোগানে চারদিক মুখরিত করে তুলেন। এসময় কয়েকজনকে জাতীয় শোক দিবসের ফেস্টুন ভাঙচুর করতে দেখা যায়। তখন পর্যন্ত পুলিশ চৌহাট্টা পয়েন্ট এলাকায় অবস্থান করছিল।
এক পর্যায়ে কিছু যুবক পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে সংঘর্ষ বাঁধে। এসময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লেও পরে মহানগরীর জিন্দাবাজার পয়েন্টে এসে অবস্থান গ্রহণ করেন।