সিলেট বিভাগে করোনার থাবায় ১৪ জনের মৃত্যু সংক্রমণ শনাক্ত ৪২ শতাংশ

প্রকাশিত July 26, 2021
সিলেট বিভাগে করোনার থাবায় ১৪ জনের মৃত্যু সংক্রমণ শনাক্ত ৪২ শতাংশ

দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগে মহামারি করোনায় একদিনে ১৪ জন মারা গেছেন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্ত ৪২ শতাংশ। অন্যদিকে আগের দিনের চেয়ে সুস্থ হয়ে উঠার সংখ্যাও কমেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৬৪ জনের, যা রবিবারে শনাক্তের চেয়ে ১২৪ জন বেশি। শনাক্তের হারও ৬ দশমিক ০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিলেট বিভাগে ১ হাজার ৩৪৩টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৫৯৫, সুনামগঞ্জে ২৪০, মৌলভীবাজারে ১৭৪ ও হবিগঞ্জে ৩৩৪। এরমধ্যে সিলেটে ২৪৯ জন, সুনামগঞ্জ ১০৭ জন, মৌলভীবাজারে ৬২ জন ও হবিগঞ্জে ১৪৬ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার বেড়ে হয়েছে ৪২। আগের দিন ছিল ৩৫ দশমিক ৯৮। সর্বশষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৪১ দশমিক ৮৫, সুনামগঞ্জে ৪৪ দশমিক ৫৮, মৌলভীবাজারে ৩৫ দশমিক ৬৩ ও হবিগঞ্জে ৪৩ দশমিক ৭১।
এই সময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। এরমধ্যে ১০ জনই মারা গেছেন সিলেট জেলায়। অন্যদের মধ্যে ৩ জন সুনামগঞ্জ জেলায় ও ১ জন হবিগঞ্জ জেলায় মারা গেছেন। আগের দিন ১০ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৯৬ জন, সুনামগঞ্জ জেলায় ৬৫ জন, মৌলভীবাজার জেলায় ২৮ জন ও হবিগঞ্জ জেলায় ৩৫ জন মিলিয়ে ৪২৪ জন। আগের দিন ৪৭৩ জন সুস্থ হয়েছিলেন।