সিলেটে বাস চাপায় মহানগর পুলিশের কর্মকর্তা সহ ৬ জন আহত || একজন আইসিইউতে

প্রকাশিত February 15, 2024
সিলেটে বাস চাপায় মহানগর পুলিশের কর্মকর্তা সহ ৬ জন আহত || একজন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাস চাপায় সিলেট মহানগর পুলিশ-এসএমপির এক উপ কমিশনার ও এক অতিরিক্ত উপ কমিশনার সহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি (২ ফাল্গুন) ভোর রাতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে। সুপারভাইজার ও চালকের সহকারী সহ বাসটি আটক করা হয়েছে।
আহতদের মধ্যে এসএমপির উপ কমিশনার আজবাহার আলী শেখকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই হাসপাতালে চিকিৎসাধীন আহত অন্যরা হলেন অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, বিমানবন্দর থানার সহকারী কমিশনার জহিরুল ইসলাম, ওসি নুনু মিয়া, এএসআই রেজাউল করিম ও গাড়ি চালক নায়েক হাবিবুর রহমান।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো জাকির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তেমুখী নামক স্থানে চৌকি বসিয়ে এসএমপির উপ কমিশনার আজবাহার আলী শেখের নেতৃত্বে অভিযান চালাচ্ছিল পুলিশের একটি বিশেষ দল। একজনকে আটকও করে। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ দলের সদস্যর চাপা দেয়। এসময় পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা সৌমিত্র চক্রবর্তী জানান, সবাই আশংকা মুক্ত আছেন। তবে সুস্থ হতে সময় লাগবে।
সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আহত পুলিশ সদস্যদেরকে দেখতে যান।