নিজস্ব প্রতিবেদক : প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সকল নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কোথাও বিপদসীমা অতিক্রম করেছে কোথাও বইছে বিপদসীমার কাছাকাছি দিয়ে। পানি উন্নয়ন বোর্ড বন্যার আশংকা করছে।
সিলেটের সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলি জমি ও হালিতলা। পানি ঢুকেছে মহানগরীর কিছু কিছু স্থানে। অনেক এলাকায় জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। এছাড়া সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জন্যে জেলা প্রশাসন থেকে ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধ্বসে নিহত এনজিও আশার মাঠকর্মী অপুরুদ্র পালের পরিবারকে নগদ ২০ টাকা সহায়তা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।