সিলেটে প্রাণ গেলো আরো ৪ জনের : ঈদের দিন নমুনা পরীক্ষা অর্ধেক

প্রকাশিত July 22, 2021
সিলেটে প্রাণ গেলো আরো ৪ জনের : ঈদের দিন নমুনা পরীক্ষা অর্ধেক

দীপ্র আসিফুল হাই : সিলেটে মহামারি করোনা আরো ৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। পবিত্র ঈদুল আযহার দিন নমুুনা পরীক্ষা নেমে আসে অর্ধেকে। মৌলভীবাজার জেলায় কেউই নমুনা পরীক্ষায় যায়নি। তবে পুরো বিভাগে শনাক্তের শতকরা হার কমেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৭৫ জনের, যা বুধবারে শনাক্তের চেয়ে ২৭০ জন কম। কমেছে শনাক্তের হারও। তবে হবিগঞ্জ জেলায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কিছুটা বেড়ে গেছে।
সিলেট বিভাগে ৬৮৮টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৪০২, সুনামগঞ্জে ৯ ও হবিগঞ্জে ২৭৭। এরমধ্যে সিলেটে ১২৩ জন ও হবিগঞ্জে ৫২ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার কমে হয়েছে ২৫ দশমিক ৪৪। আগের দিন ছিল ৩৩ দশমিক ৩৮। সর্বশষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩০ দশমিক ৬০ ও হবিগঞ্জে ১৮ দশমিক ৭৭, যেখানে আগের দিন ছিল ১২ দশমিক ৩৯। অন্যদিকে সুনামগঞ্জে নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।
এই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের। সবাই সিলেট জেলায় মারা গেছে। আগের দিন বিভাগে ৫ জন মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ১৪৮ জন ও মৌলভীবাজার জেলায় ৩৩ জন মিলিয়ে ১৮১ জন। আগের দিন ২৩৫ জন সুস্থ হয়েছিল।