নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রকৃতিতে এখন রঙের সমারোহ। বনে বনে দখিণ হাওয়ায় পলাশ, শিমূল আর কৃষ্ণচূড়ার দোল। কোকিলের আকুল করা কুহুতান। কারণ এখন ঋতুরাজ বসন্ত। তাই বাঙালির প্রাণেমনে এত উচ্ছ্বাস জেগেছে।
বুধবার ছিল পয়লা ফাল্গুন-বসন্তের প্রথমদিন। ঋতুরাজকে বরণ করতে বাংলাদেশের প্রকৃতি সেজেছিল অনুপম সাজে। প্রতিটি বাঙালি মন স্পর্শ করেছিল বসন্তবাতাস। কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হয় ‘বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে।’
ঋতুরাজকে বরণ করতে সিলেটে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। আর এতে নতুন প্রজন্মের প্রতিনিধিরা কথা আর গানে প্রকাশ করে নিজের প্রকৃতি-পরিবেশের প্রতি ভালবাসা। এছাড়া অনেকে বাসন্তী সাজগোজে দিনভর এখানে ওখানে ছুটে বেড়ায়।