নিজস্ব প্রতিবেদক : ‘করোনা ভাইরাস’ নামে পরিচিত ‘কোভিড-১৯’ এ আক্রান্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা মঈনুদ্দিন মারা গেছেন।
বুধবার ভোর সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএর মহাসচিব ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল ডা মঈনুদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ডা মঈনুদ্দিন ছিলেন সিলেটের প্রথম ‘করোনা’ আক্রান্ত রোগী। গত ৫ এপ্রিল তার আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর চিকিৎকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় কোয়ারেন্টাইন অবস্থায় চিকিৎসা নিতে থাকেন।
এ অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল তিনি মহানগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। পরদিন পারিবারিক সিদ্ধান্তে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। সেখানেই তিনি প্রাণ হারান।