‘সম্ভাবনার উন্মোচন ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট কৃষি প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম-সাউরেসের উদ্যোগে সিলেটে প্রথম ‘এডভান্সড কৃষি গবেষণা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার ২৩ মে থেকে পরশু শুক্রবার ২৪ মে পর্যন্ত দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী ড মো আব্দুস শহীদ এমপি। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
কৃষি গবেষণা সম্মেলন উপলক্ষে আগত দেশী-বিদেশী বিজ্ঞানী ও গবেষকদের পদচারণায় ইতোমধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছে।
সাউরেস পরিচালক প্রফেসর ড মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া জানিয়েছেন, সিকৃবিতে কৃষি সেক্টরের সকল বিষয়কে অর্ন্তভুক্ত করে প্রথমবারের এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, জাপান, ইতালি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ভারত, চায়না ও কেনিয়াসহ বিভিন্ন দেশের ৪৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও বিজ্ঞানী অংশগ্রহণ করছেন।
আশা করা হচ্ছে, এই সম্মেলনের ফলে কৃষি বিষয়ে গবেষণারত বিজ্ঞানীদের মাঝে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।
সম্মেলনে ৮টি সেশনে তিন শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে সাউরেসের যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ছয় শতাধিক গবেষণা কার্যক্রম সাউরেসের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি