নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকায় ডাচ বাংলা ব্যাংকের একটি বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে ধরতে চলছে পুলিশি অভিযান। অভিযুক্ত এ দু’জনই সিকিউরেক্স কোম্পানি প্রাইভেট লিমিটেডের এটিএম অফিসার বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার, ৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়েরের পর মহানগরীর শিবগন্জ এলাকা থেকে আলবাব হোসেন নামের জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলবাব হোসেন সিকিউরেক্স কোম্পানি প্রাইভেট লিমিটেডের এটিএম অফিসার হিসেবে নিয়োজিত ছিল। এ ঘটনায় জড়িত একই দায়িত্বে থাকা অপরজন আমিনুল হক পলাতক রয়েছে।
ডাচ-বাংলা ব্যাংকর বুথে টাকা সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সিকিউরেক্স কোম্পানি প্রাইভেট লিমিটেড সিলেটের এটিএম ইনচার্জ সন্দিপ দাস বাদি হয়ে এই দু’জনকে আসামি দিয়ে মামলা দায়ের করেন।
সিলেট মহানগর পুলিশ-এসএমপির উপ পুলিশ কমিশনার মো আজবাহার আলী শেখ জানান, গত ২৭ অক্টোবর ডাচ-বাংলা ব্যাংকের সুবিদবাজার বুথে টাকা আপলোড করা হয়; কিন্তু ৩০ তারিখ তাতে ২৬ লাখ ৩২ হাজার টাকা গড়মিল দেখা যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে গগলস পড়ে ২-৩ জন বুথের ভোল্ট খুলে টাকা নিয়ে গেছে।
মামলায় আসামি করা অজ্ঞাতনামা ২/৩ জনকেও চিহ্নিত করা ও গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।