ক্রীড়াঙ্গন প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ের মাসের প্রথমদিন সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টি টোয়েন্টি প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ ও জেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যে এই প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, পুলিশ সুপার মনিরুজ্জামান ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মাহবুবুর রহমান।
প্রীতিম্যাচে জেলা ক্রীড়া সংস্থা একাদশ তিন উইকেটে জেলা প্রশাসন একাদশকে হারিয়ে বিজয়ী হয়।
জেলা ক্রীড়া সংস্থা একাদশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং জেলা প্রশাসন একাদশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। জেলা প্রশাসন একাদশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রান সংগ্রহ করে। জবাবে সিলেট জেলা ক্রীড়া সংস্থা একাদশ ১৩.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। পরে পুরস্কার বিতরণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সচিব বিপুল চন্দ্র তালুকদার।