নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে টিলা কাটার দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।
এ সময় টিলা কাটার কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও ১টি এক্সকেভেটর জব্দ করা হয়।
সিলেট মহানগরীর কালীবাড়ি (জগদীশ টিলা) নামক স্থানে টিলা কাটা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার, ২ আগস্ট ভোর ৫টার দিকে এসএমপির জালালাবাদ থানা পুলিশের সহায়তায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ে পরিচালক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
অভিযানকালে বেআইনিভাবে টিলা কাটার সঙ্গে জড়িত থাকায় মো বিলাল মিয়া (৪৮, পিতা আক্কাছ মিয়া, পানতলা, সিলেট), আলী আজগর (২০, পিতা মাসুক মিয়া, সদরঘাট, নবীগঞ্জ, হবিগঞ্জ) ও সাহানুর মিয়াকে (৩৭, পিতা অজিদ আলী, কামারটিলা, সিলেট) আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (খ) লঙ্ঘন করে টিলা কাটার অপরাধে মো বিলাল মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং আলী আজগর ও সাহানুর মিয়াকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া টিলা কাটার কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও ১টি এক্সকেভেটর জব্দ করে পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো বদরুল হুদা। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহকারী হরিপদ চন্দ্র দাশ, সিলেট বিভাগীয় কার্যালয়ের গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদাৎ হোসেন ও ফোর্সসহ জালালাবাদ থানার উপপরিদর্শক মহবুবুল করিম উপস্থিত ছিলেন। সূত্র তথ্য বিবরণী