নিজস্ব প্রতিবেদক : সিলেটে জ্বালানি তেলের সংকট নেই। তবে সেচ মৌসুমের কিছুটা বাড়তি চাহিদা রয়েছে।
সিলেট জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
আরও জানানো হয়, সোমবার জ্বালানি তেল সরবরাহে গতিশীলতা আনয়ন ও কৃত্রিম সংকট মোকাবেলায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও রাষ্ট্রায়ত্ত তিনটি জ্বালানি তেল পরিবেশক কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার প্রতিনিধিদের সমন্বয়ে জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে স্টক রেজিস্টার ও জ্বালানি তেলের মজুদ সরেজমিন পরীক্ষা করা হয়।
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মাহবুবুল ইসলামের নেতৃত্বে সিলেট মহানগরী ও ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বিভিন্ন পাম্প ও ফিলিং স্টেশনে পরিদর্শন কার্যক্রম পরিচালনাকালে স্টক ও বিক্রয় রেজিস্টার পরীক্ষা করে কোন সংকট পরিলক্ষিত হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তবে সেচ মৌসুমে জ্বালানি তেলেরর কিছুটা বাড়তি চাহিদা রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জ্বালানি তেল বিক্রয়কারী পাম্প ও ফিলিং স্টেশনগুলোকে স্টক রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করতে নির্দেশনা জারি করা হয়।