সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার, ২০ নভেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স কমিটির আহ্বায়ক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী দৃঢ়করণ, চোরাচালান প্রতিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিভিন্ন সংস্থার চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযান ও জব্দকৃত মালামালের বিবরণী পর্যালোচনা এবং এ সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা-পর্যালোচনায় উপজেলা ও ইউনিয়ন চোরাচালান প্রতিরোধ কমিটির সভা সম্পর্কে বলা হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও কাস্টমসের সমন্বয়ে নিয়মিত সভা করা হয়ে থাকে।
কমিটির কার্যক্রমের অগ্রগতি শতভাগ উল্লেখ করে বলা হয়, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সিলেট বিভাগের সীমান্তবর্তী ১৯টি উপজেলার ৬৪টি ইউনিয়নের সবগুলোতে সভা অনুষ্ঠিত হয়েছে।
সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জেলা টাস্কফোর্সের যথাক্রমে ৫টি অভিযান পরিচালনা করে ৪৫ লাখ টাকা মূল্যমানের দ্রব্যাদি, ৭টি অভিযান পরিচালনা করে প্রায় ১৭ হাজার টাকা মূল্যমানের দ্রব্যাদি ও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ দুই মাসে কুলাউড়া ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ও চলন্ত ট্রেনে চোরাচালান বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত সংক্রান্ত ১৬২টি অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট। তবে কোন মালামাল পাওয়া যায়নি। বন বিভাগও ২১টি অভিযান পরিচালনা করে কোন বনজদ্রব্য পায়নি।
চোরাচালান প্রতিরোধে পরিচালিত সকল সংস্থার অভিযান ও জব্দকৃত মালামালের বিবরণী পর্যালোচনায় বলা হয়, সেপ্টেম্বর মাসে ৯ হাজার ৬৫৬টি ও অক্টোবর মাসে ৯ হাজার ৫৬৯টি অভিযান পরিচালনা করা হয়েছে ।
মাদক বিরোধী যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত বিবরণী পর্যালোচনায় বলা হয়, সেপ্টেম্বর মাসে ৪ হাজার ৫৪৬টি অভিযান পরিচালনা করে ২ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৭৮৪ টাকা মূল্যমানের দ্রব্যাদি, ২২৮ ব্যক্তিকে আটক ও ২১৮টি মামলা দায়ের এবং অক্টোবর মাসে ৪ হাজার ৫২টি অভিযান পরিচালনা করে ২ কোটি ৯ লাখ ৪২ হাজার ৮২৫টাকা মূল্যমানের দ্রব্যাদি, ১৬৯ ব্যক্তিকে আটক ও ২২৪টি মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, মহানগর পুলিশ কমিশনার মো ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি সিলেট হাইওয়ে রেঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়াও সিলেট বিভাগীয় ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্সের আওতাধীন চার জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিআইপি সিলেট