সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের-বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগ-এনসিএলে সিলেট অতীতেও চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতেও চ্যাম্পিয়ন হবে। সে লক্ষ্যেই সিলেট বিভাগীয় দলকে প্রস্তুত করা হয়েছে।
তিনি সিলেটে ক্রিকেটের উন্নয়নে স্থানীয় পৃষ্ঠপোষকতা বাড়ানো প্রয়োজন বলেও অভিমত রেখেছেন।
শুক্রবার (২ অক্টোবর/১৭ আশ্বিন) সকালে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগে সিলেট বিভাগীয় দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেটে ক্রিকেটের প্রসঙ্গ তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সিলেটে ক্রিকেট চর্চা হয়ে আসছে। জাতীয় দলে সিলেট থেকে অনেক ক্রিকেটার জায়গা করে নিয়েছেন; কিন্তু সিলেটে খেলাধুলার পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে। স্থানীয়ভাবে স্পন্সররা এগিয়ে না এলে খেলাধুলার কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, “এবার সিলেট বিভাগীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে ‘ক্রিকেট উইথ সামি’। সামির এই উদ্যোগ প্রশংসনীয়। অন্যরাও খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করি। সম্মিলিতভাবে সহযোগিতা করা গেলে সিলেটের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিনের খেলাধুলার যে সম্পর্ক রয়েছে, তা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগামী ৩ অক্টোবর ময়মনসিংহের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সিলেট বিভাগীয় দলের এনসিএল অভিযান শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর আশরাফ আরমান, বিসিবি কাউন্সিলর ও সিলেট বিভাগীয় দলের ম্যানেজার ইমতিয়াজ হোসেন তান্না, কোচ রাজিন সালেহ, সহকারী কোচ ইমরান আলী এনাম, স্পন্সর প্রতিষ্ঠান ‘ক্রিকেট উইথ সামি’ প্রতিনিধি ফখরুল ইসলাম ফারুক ও জাহিদুল ইসলাম সাদী এবং বিভাগীয় দলের অধিনায়ক জাকির হাসান সহ দলের সকল খেলোয়াড়। সংবাদ বিজ্ঞপ্তি