নিজস্ব প্রতিবেদক : অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, সিলেটে কাঠের গুড়ার সঙ্গে লাল রঙ মিশিয়ে মরিচের গুড়া, ধানের কুড়ার সঙ্গে বাসন্তি রঙ মিশিয়ে হলুদের গুড়া আর চালের গুড়ার সঙ্গে বাদামি রঙ মিশিয়ে ধনিয়ার গুড়া তৈরি করা হয়। মারাত্মক ক্ষতিকারক এই গুড়াগুলো ‘মসলা’ পরিচয়ে যাচ্ছে মানুষের পেটে। ফলে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে।
আরও ভয়ংকর তথ্য হচ্ছে, রাতভর চলে এই ভেজাল মসলা তৈরি। ভোররাতে বড় ট্রাকে আর মিনি ট্রাকে বোঝাই করে পাঠিয়ে দেওয়া হয় সিলেট বিভাগের অন্যান্য জেলায়। সরকারি গোয়েন্দা সংস্থা আর আইনের চোখকে ফাঁকি দিয়ে একটি জীর্ণ-শীর্ণ টিনের ঘরে প্রায় ৫ বছর ধরে এই অপকর্ম চলছিল।
গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ বৃহস্পতিবার দুপুরে যৌথ অভিযান চালায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের ঝর্ণা মসলা মিল নামের এই ভেজাল মসলা তৈরির কারখানাতে। তবে আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে পেছনের ডোবায় নেমে অধিকাংশ শ্রমিক সাঁতরে পালিয়ে যায়; কিন্তু ধরা পড়ে যায় ফজলুল হক নামের এক শ্রমিক, যার স্বীকারোক্তিতে সব বেরিয়ে আসে।
এ সময় ভেজাল মসলা তৈরির কারখানার মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সিলেটের বাইরে আছেন জানিয়ে তার ভাইকে অপকর্মস্থলে পাঠান। তার উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে এখানে আর কোন ভেজাল মসলা উৎপাদন করা হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।
অভিযান চলাকালে মসলা তৈরির কারখানাটিতে ২০০ বস্তা ভেজাল মসলা ও ১২ ব্যাগ ক্ষতিকর রাসায়নিক রঙ পাওয়া যায়। এলাকাবাসীর উপস্থিতে সকল মসলা ও রঙ ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-৯ এর একটি টহল দল।
এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।