নিজস্ব প্রতিবেদক : এবারের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট জেলায় কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসৃজন কর্মসূচি চালুর প্রস্তাব পাঠানো হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান জানিয়েছেন, বন্যার ধকল কাটিয়ে মানুষের ঘুরে দাঁড়ানোর প্রয়োজনেই কর্মসংস্থান জরুরি। এই চিন্তা-ভাবনা থেকে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবটি দেওয়া হয়েছে।
একই সঙ্গে আগামী ৩ মাস সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার একটি প্রস্তাবও রাখা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, সরকারের বিভিন্ন বিভাগ, অনেক বেসরকারি সংস্থা, এনজিও, আন্তর্জাতিক সংস্থা ও প্রবাসীদের সংগঠন সিলেটের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে। এই সহায়তা বিতরণ হবে পরিকল্পিতভাবে, যাতে কেউ বঞ্চিত না হয়। তাই দ্রুত একটি তালিকা তৈরি করা হচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে ২১৫টি আশ্রয়কেন্দ্রে ১২ হাজার ৬৭১ জন বন্যার্ত অবস্থান করছিল। প্রতিদিনই এ সংখ্যা কমছে অর্থাৎ মানুষ বাড়িঘরে ফিরছে।
উল্লেখ্য, দ্বিতীয় দফা বন্যায় সিলেট সিটি করপোরেশনের অংশ বিশেষসহ ১৩ উপজেলা, ৫ পৌরসভা ও ৯৯ ইউনিয়ন আক্রান্ত হয়। এ সময় ৬০৬টি আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৮৬ হাজার ৩৬ নারী-পুরুষ-শিশু আশ্রয় নেয়।