নিজস্ব প্রতিবেদক : সিলেটের বরেণ্য চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার সকাল ১০টা ২২ মিনিটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর। অরবিন্দ দাশগুপ্ত তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুর খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
অরবিন্দ দাস গুপ্ত ১৯৫৩ সালের মার্চ মাসে হবিগঞ্জের আজমিরীগঞ্জে জন্মগ্রহণ করেন। সিলেট মহানগরীর কিশোরীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষাজীবন শেষে তিনি দি এইডেড হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় (বর্তমান চারুকলা ইনস্টিটিউট) থেকে ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন।
বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি সিলেটে চারুকলা চর্চায় অবিস্মরণীয় অবদান রেখেছেন। করেছেন কাব্যচর্চা। এছাড়া উদীচী শিল্পী গোষ্ঠী ও খেলাঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।