সিলেটে এবার বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করলো জেলা পুলিশ

প্রকাশিত December 16, 2023
সিলেটে এবার বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করলো জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পুলিশ বর্ণাঢ্য আয়োজনে এবার মহান বিজয় দিবস উদযাপন করেছে।
সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও গৌরবের স্মৃতি-৭১ এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে জেলা স্টেডিয়ামে সম্মিলিত কুচকাওয়াজে অংশগ্রহণ করে জেলা পুলিশের চৌকস একটি দল। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এতে অভিবাদন গ্রহণ করেন।
দুপুরে গৌরবের দিন উপলক্ষ্যে ফোর্স মেসে বড়খানার আয়োজন করা হয়।
বিকেলে সিলেট জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজন করা হয় সিলেট জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম। পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মোট ৩২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আয়োজন করা হয় মনোজ্ঞ বিজয় সন্ধ্যার। এতে গান পরিবেশন করেন বরেণ্য অতিথি শিল্পীসহ জেলা পুলিশ লাইন্স শিল্পী গোষ্ঠীর নিয়মিত শিল্পীরা। অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিজয় ‘লাকি কুপন-২০২৩’। এতে বিজয়ীদের মধ্যে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশনসহ মোট ৩০টি পুরস্কার বিতরণ করা হয়। সূত্র তথ্য বিবরণী