সিলেটে ঋণ কর্মসূচি বাড়াতে ব্যাংকগুলোকে পররাষ্ট্র মন্ত্রীর পরামর্শ

প্রকাশিত January 30, 2021
সিলেটে ঋণ কর্মসূচি বাড়াতে ব্যাংকগুলোকে পররাষ্ট্র মন্ত্রীর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটে ব্যাংকগুলোতে জমার পরিমাণ বেশি। সেই তুলনায় এখানে ঋণ দেওয়া হচ্ছেনা। তাই সিলেটে ঋণদান কর্মসূচি বৃদ্ধি করতে হবে।
শুক্রবার বিকেলে মহানগরীর মির্জাজাঙ্গালে নির্ভানা ইন প্রাঙ্গণে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩ দিনব্যাপী ‘এসসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন-২০২১’ এর দ্বিতীয় দিনে ‘নারীর ক্ষমতায়ন ও বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিান এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, সিলেটের নারীরা সকল বাঁধা-বিপত্তি পেরিয়ে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এই নারী জাগরণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
তিনি জানান, চলমান করোনাকালীন নারী উদ্যোক্তাদের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭শ কোটি টাকা প্রণোদনা বরাদ্দ দিয়েছেন। এই টাকা সহজে পাওয়ার ব্যাপারে নারী উদ্যোক্তাদেরকে সহযোগিতা করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রী নারী উদ্যোক্তাদের কল্যাণে আগামীতে সরকারের পক্ষ থেকে আরো উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো শোয়েবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহবায়ক সামিয়া বেগম চৌধুরী।
পরে বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নারী উদ্যোক্তাবৃন্দ ও আয়োজনের স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও আলোচনা সভার পূর্বে নারী উদ্যোক্তাদের জীবনের গল্প নিয়ে ‘উদ্যোক্তা কথন’ পর্বে সফল নারী উদ্যোক্তাবৃন্দ বক্তব্য রাখেন।