নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপি সিলেটে শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে অভিভাবক, শিক্ষক ও রাজনীতিবিদসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি নিশ্চিত করেছেন, সিলেটে আরও আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
শুক্রবার, ১১ আগস্ট বিকেল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফল হতে চাই আত্মবিশ্বাস। ‘আমরা পারবো’ এই সংকল্প থাকলে কোনো বাধাই আটকে রাখতে পারেনা।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, শান্তি ও স্থিতিশীলতা উন্নয়নের পূর্ব শর্ত। শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায়। শেখ হাসিনা সরকারের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড রমা বিজয় সরকার, আওয়ামী লীগের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।