নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলায় আবাদযোগ্য সকল পতিত জমি আগামী ৫ বছরে চাষের আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কৃষি উন্নয়ন বিষয়ক কোর কমিটির সভায় এ পরিকল্পনা গ্রহণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং বিএডিসির সেচ-সার-বীজ প্রকল্প ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারগণ জুম প্লাটফরমে সংযুক্ত ছিলেন।
সভায় জানানো হয়, সিলেট জেলায় বোরো মৌসুমে প্রায় ৬৫ হাজার হেক্টর আবাদযোগ্য জমি পতিত থাকে।
এই বিপুল জমি কিভাবে চাষের আওতায় আনা যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী বোরো মৌসুমে প্রতিটি উপজেলায় ১ হাজার হেক্টর করে মোট ১৩ হাজার হেক্টর আবাদযাগ্য পতিত জমি চাষের আওতা নিয়ে আসা হবে। এভাবে ৫ বছরে সমুদয় আনাবাদি জমি চাষের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় লক্ষ্য অর্জনে উপজেলা নির্বাহী অফিসারদেরকে উপজেলা কৃষি উন্নয়ন বিষয়ক কোর কমিটি ও উপজেলা সেচ কমিটির সভা করে খননযোগ্য খালের তালিকা প্রেরণ করতে বলা হয়।
এছাড়া, পতিত জমিতে আবাদের লক্ষ্যে কৃষকদেরকে যথাসময়ে সার ও বীজ সরবরাহের জন্য বিএডিসিকে নির্দেশনাসহ ফসল উৎপাদনে প্রয়োজনীয় সেচ নিশ্চিতকরণে বিএডিসি (সেচ), পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডিকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।