নিজস্ব প্রতিবেদক : বিএনপি আহুত ৩দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে সিলেটে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে যাত্রীবাহী বাস। গাছ ফেলে রাস্তা অবরোধেরও চেষ্টা চালোনো হয়। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে ।
মঙ্গলবার, ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমার চান্দাইমুখী রাস্তার মুখে ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। তবে গাড়িটিতে ভাঙচুর চালানো হলেও বাসের যাত্রীরা টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পিকেটাররা পালিয়ে যায়।
সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার তেতলি-অতিরবাড়ি এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বিএনপির নেতা-কর্মীরা। এর আগে রশিদপুরে সকাল ৬টার দিকে টায়ারে আগুন জ্বালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সকাল ৯টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ে যায়নি। অন্যদিকে মহানগরীর বিভিন্ন এলকায় রিকশা, সিএনজি অটোরিকশা ও কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। কুমারগাঁও বাস টার্মিনাল থেকেও কোনো বাস ছেড়ে যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মো আজবাহার আলী শেখ জানান, সকালে দক্ষিণ সুরমায় একটি বাসে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।