সিলেটে অটোচালকদের হাতে সহকর্মী খুনের প্রতিবাদে রাজপথে ব্যাংকাররা

প্রকাশিত February 23, 2021
সিলেটে অটোচালকদের হাতে সহকর্মী খুনের প্রতিবাদে রাজপথে ব্যাংকাররা

নিজস্ব প্রতিবেদক : সিলেটে অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ হত্যার প্রতিবাদে ব্যাংকাররা রাজপথে নেমে এসেছেন। পালন করছেন নানা কর্মসূচি। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই আন্দোলনে একাত্ম হয়েছেন।
শনিবার বিকেলে জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে একটি সিএনজি অটোরিকসায় বন্দরবাজারে এসে নামেন মওদুদ আহমেদ (৩৫)। এসময় অটোচালক নোমান হাছনুরের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয় তার। একপর্যায়ে কয়েকজন অটোচালক তাকে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।
এ ঘটনায় মওদুদ আহমদের বড়ভাই আব্দুল ওয়াদুদ বাদি হয়ে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে নোমান হাছনুরের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে ব্যাংকাররা মানববন্ধন করেন। এতে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সংহতি প্রকাশ করেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো শোয়েব, নাট্য সংগঠক শামসুল বাসিত শেরো ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন।
একইসঙ্গে তারা ব্যাংকারদের নিরাপত্তাও দাবি করেন।
সিলেট কোতয়ালি মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, এ ঘটনার অনেক তথ্য এখন পুলিশের হাতে। আসামিরা যে কোন মুহূর্তে ধরা পড়বে। অভিযান অব্যাহত রয়েছে।
এরআগে সোমবারও একই দাবিতে বিক্ষোভ করেন ব্যাংকাররা। তারা আসামিদের গ্রেফতার ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
মওদুদ আহমেদ অগ্রণী ব্যাংক হরিপুর গ্যাস ফিল্ড শাখার অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন মহানগরীর রাজারগল্লিতে একটি ভাড়া বাসায়। মূল বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টেংগুরিপাড়া গ্রামে। তার পিতার নাম মো আব্দুল ওয়াহেদ। সোমবার নামাজে জানাজা শেষে মরদেহ দাফন হয়।