সিলেটের সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রেসক্লাবে বর্ষবরণ আড্ডা ও বৈশাখি মিষ্টিমুখ

প্রকাশিত April 16, 2022
সিলেটের সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রেসক্লাবে বর্ষবরণ আড্ডা ও বৈশাখি মিষ্টিমুখ

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাব বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ উদযাপন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় বর্ষবরণ আড্ডা ও বৈশাখি মিষ্টিমুখের। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। অংশ নেন, সিলেটের সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ আর সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা। দুই ভুবনের বাসিন্দাদের নববর্ষের শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ ও আগামীদিনে করণীয় নিয়ে প্রাণবন্ত আলোচনায় প্রায় দু’টি ঘণ্টা যেন নিমিষেই পার হয়ে যায়।
আড্ডায় উঠে আসে সুরমাপারে আগেকার দিনের ও আজকালের সাহিত্য, সংস্কৃতি ও নাট্য চর্চা, স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সামরিক স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ গঠন, প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান, একুশের চেতনায় নাট্য প্রদর্শনী, সাংগঠনিক উদ্যোগে বৈশাখি মেলা, ‘স্বৈরাচার বাংলা ছাড়’ স্লোগান নিয়ে মিছিল ও প্রান্তিক চত্বরের দিনগুলোর কথা। আলোচনা হয় সমস্যা, সংকট, সীমাবদ্ধতা এবং সম্ভাবনা নিয়েও। সবমিলিয়ে আসরটি দারুণ জমে উঠে।
প্রবীণ নাট্যজন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন সিলেটে আগে বৈশাথি মেলার আয়োজন, নাট্যচর্চা এবং স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে নাট্যকর্মীদের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরে বলেন. এমনও এক সময় ছিল যখন নাটকে, গানে কিংবা কবিতায় গণমানুষের কথা কিছুই বলা যেতো না। তবে সুদিন ফিরেছে। এই সুযোগে সেইসব মানুষের কথা বলতে হবে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল বলেন, নতুন প্রজন্মের একটা বড় অংশ প্রমিত বাংলা বা মান বাংলায় কথা বলতে পারে না। অনেকে জানেনা বৈশাখ সম্পর্কে। এ জন্যে সংস্কৃতিচর্চা প্রয়োজন। গণমাধ্যমকর্মীদেরকেও অন্তত মান বাংলায় কথা বলার চেষ্টা করতে হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম বলেন, সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, ঠিকমতো বাংলাচর্চা না হওয়া। সিলেটের সাংবাদিকরা সংস্কৃতিবান্ধব। সংস্কৃতিঅঙ্গনে ছদ্মবেশী কিছু মানুষ ক্ষতির কারণ হয়ে উঠেছে। এই লোকগুলোকে চিহ্নিত করতে হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী বলেন, সিলেটের কিছু থাকুক না থাকুন আছে ইস্পাতকঠিন আঞ্চলিকতাবোধ। ঈদ, পূজা, পার্বণ, বর্ষবরণ-এক কথায় সবকিছুতেই সব ধর্মের সব বর্ণের মানুষের অটুট বন্ধনের প্রমাণ মিলে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, সিলেটের সংস্কৃতি অঙ্গনে একসময় নানা প্রতিবন্ধকতা ছিলো। এখন নেই। এখন মঙ্গল শোভাযাত্রায় দলমত নির্বিশেষে নারী-পুরুষ ও শিশু-তরুণরা পর্যন্ত অংশ নেন।
বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেন, তরুণদের মধ্যে ভিনদেশী সংস্কৃতির আগ্রাসন পরিলক্ষিত হচ্ছে, যা খুবই ক্ষতিকর। এদিকে অভিভাবক ও নেতৃস্থানীয়দের নজর দিতে হবে।
সভাপতির বক্তব্যে আল আজাদ বলেন, সিলেট জেলা প্রেসক্লাব বাংলাদেশ ও বাঙালির ইতিহাস-ঐতিহ্য ধারণ করে-লালন করে। এরই ধারাবাহিকতায় এবার বর্ষবরণ আড্ডার আয়োজন করা হলো। আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের চেষ্টা থাকবে।
আড্ডায় সিলেট জেলা প্রেসক্লাব সদস্যদের মধ্যে অংশ নেন, ইউএনবির প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি, দৈনিক একাত্তরের কথার উপসম্পাদক মঈন উদ্দিন, সহসভাপতি এস সুটন সিংহ, সাবেক সহসভাপতি, নিউ এজ পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, বর্তমান সহসাধারণ সম্পাদক, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন প্রতিনিধি সৈয়দ রাসেল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ, কোষাধ্যক্ষ, একাত্তরের কথার প্রধান প্রতিবেদক মিসবাহ উদ্দীন আহমদ, সংবাদ প্রতিদিনের ব্যুরো প্রধান শাব্বীর আহমদ ফয়েজ, দৈনিক সিলেটের দিনকালের বার্তা সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, দৈনিক যুগভেরীর স্টাফ ফটোগ্রাফার রনজিত কুমার সিংহ, আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, মাই টিভির ক্যামেরাপার্সন মো শাহীন আহমদ, দীপ্ত টিভি প্রতিনিধি, যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াহ্ইয়া মারুফ, কার্যনির্বাহী সদস্য, মানবকণ্ঠের স্টাফ ফটোগ্রাফার মিঠু দাস জয়, দৈনিক বর্তমান পত্রিকার ব্যুরো প্রধান, এশিয়ান টিভি প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, দৈনিক উত্তরপূর্বর স্টাফ রিপোর্টার ভবরঞ্জন মৈত্র বাপ্পা, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম, মাইটিভি প্রতিনিধি মৃণাল কান্তি দাস, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি মোকলেছুর রহমান মকলিছ, দৈনিক উত্তরপূর্বর সহসম্পাদক ফয়জুল আহমদ, শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সুমন ইসলাম, দৈনিক উত্তরপূর্বর ফটোসাংবাদিক পল্লব ভট্টাচার্য্য, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোগ্রাফার মো শাহীন, এনটিভি ইউরোপ প্রতিনিধি সাজলু লস্কর, জাগ্রত সিলেটের কম্পিউটার ইনচার্জ মুহাম্মদ মিজানুর রহমান ও সংস্কৃতিঅনুরাগী মো শওকত আলী প্রমুখ।
অনুষ্ঠানে আগত সবাইকে বাংলার ঐতিহ্যবাহী নানন রকম মিষ্টান্ন দিয়ে মিষ্টিমুখ করানো হয়।