সিলেটের বন্যার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী || পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় সিসিক

প্রকাশিত June 18, 2024
সিলেটের বন্যার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী || পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় সিসিক

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বন্যা পরিস্থিতির খোঁজ নিচ্ছেন।
মঙ্গলবার, ১৮ জুন (৪ আষাঢ়) রাত ৯টায় নগর ভবনের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মেয়র আরও জানান, চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিসিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার আশ্রয়কেন্দ্রগুলোয় স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণ সহায়তা শুরু হয়েছে। পৌঁছে দেওয়া হচ্ছে রান্নাকরা খাবারসহ ঔষধ। বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।
মেয়র বন্যায় আতংকিত না হয়ে প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যাওয়ার এবং বিদ্যুৎ লাইন পানির নিচে চলে গিয়ে থাকলে এলাকার কাউন্সিলরকে অবগত করে সহায়তা নেওয়ার পরামর্শ দেন।
জরুরি প্রয়োজনে নগর ভবনে সরাসরি কিংবা হটলাইন নম্বরে (০১৯৫৮২৮৪৮০৭) যোগাযোগ করার জন্যও তিনি অনুরোধ জানান।
মেয়র এই প্রাকৃতিক দুযোর্গ মোকাবিলায় বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে সন্ধ্যা ৭টায় বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বিশেষ সভা করে নগর পরিষদ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে।
এছাড়া মেয়র বিকেলে বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনীর একটি টিম নিয়ে পরিদর্শন করেন।
তিনি বন্যা কবলিত কয়েকটি ওয়ার্ডও পরিদর্শন করেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি