নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সরকারের আমলে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। মধ্যখানে স্বাধীনতা বিরোধী সরকার ক্ষমতায় আসায় উন্নয়ন থমকে যায়। আওয়ামী লীগ সরকারের নেওয়া অনেক প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছিলো। তবে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলো বাস্তবায়ন শুরু করেছে। দেশের মানুষ ফলও ভোগ করছে।
শনিবার, ১৭ ফেব্রুয়ারি (৪ ফাল্গুন) সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে তাকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের জন্য একজন সঠিক নেতা খুঁজে এনেছেন। সিলেটবাসী মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করায় সিলেটে এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হবে। তার কাজ করার মানসিকতা রয়েছে। তিনি কাজ করতে পারবেন। সরকার সিলেটের উন্নয়নে তাকে সবধরনের সহযোগিতা করবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সংস্কৃতিকর্মী রজত কান্তি গুপ্ত ও রুহেনা সুলতানা দিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন সিসিকের প্যানেল মেয়র কাউন্সিলর তৌফিক বক্স লিপন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমেদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ইমজার সভাপতি সজল ছত্রী,সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম মুশিক ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সিসিকের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তা। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি