সিলেটসহ দেশের ২১টি জেলায় ডিজিটাল রেকর্ড রুম চালু

প্রকাশিত December 23, 2020
সিলেটসহ দেশের ২১টি জেলায় ডিজিটাল রেকর্ড রুম চালু

নিজস্ব প্রতিবেদক : সিলেটসহ দেশের ২১টি জেলায় ডিজিটাল রেকর্ড রুম চালু হয়েছে। এর মধ্য দিয়ে দলিলপত্র সংরক্ষণ ও খুঁজে বের করা সহজ হয়ে গেলো।
বুধবার দুপুরে সচিবালয়ে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল রেকর্ড রুম উদ্বোধন করেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ভূমি মন্ত্রণালয় মানুষের কল্যাণে নিরলস কাজ করছে।
ভুমি মন্ত্রী জানান, ডিজিটাল রেকর্ড রুমের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে আবেদন করে ও ফি জমা দিয়ে নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গা থেকে ভূমি সংক্রান্ত কাগজাদি গ্রহণ করা যাবে।
তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ৩ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ১১৩টি খতিয়ান অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। ই-পর্চা, ল্যান্ড, ডিএলএসআর, মিনল্যান্ড-এই চারটি ওয়েবসাইট বা সকল জেলা ওয়েবসাইট থেকে নাগরিকরা এই সেবাটি গ্রহণ করতে পারছেন।
উদ্বোধনকালে সিলেট জেলা প্রশাসনও সংযুক্ত ছিল। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
সচিবালয় থেকে আরো সংযুক্ত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
প্রথম পর্যায়ে ঢাকা, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর ও সিরাজগঞ্জে ডিজিটাল রেকর্ড রুম চালু করা হয়েছে।