সিলেটবাসীর ‘নৌকা’য় ভোট দেওয়ার প্রতিদান হিসেবে শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী

প্রকাশিত March 2, 2024
সিলেটবাসীর ‘নৌকা’য় ভোট দেওয়ার প্রতিদান হিসেবে শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মো আব্দুর রহমান বলেছেন, সিলেটের মানুষ ‘নৌকা’য় ভোট দিয়েছেন বলেই এর প্রতিদান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শফিকুর রহমান চৌধুরীকে মন্ত্রী করেছেন।
তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করার বিষয়টিও উল্লেখ করেন।
শনিবার, ২ মার্চ (১৮ ফাল্গুন) বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সিলেট জেলা আওয়ামী লীগ ঐতিহাসিক সারদা স্মৃতিভবন এলাকায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি মো আব্দুর রহমান বলেন, যারা নির্বাচনের বিরুদ্ধে ছিল, নির্বাচন হবেনা বলেছিল, হুমকি দিয়েছিল, ভয়ভীতি দেখিয়েছিল তাদের চোখের সামনেই নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন।
সংবর্ধিত শফিকুর রহমান চৌধুরী বলেন, তার মন্ত্রীত্ব প্রাপ্তি সিলেট জেলা আওয়ামী লীগের কৃতিত্ব, সিলেটবাসীর কৃতিত্ব এবং সিলেট বিভাগের কৃতিত্ব। তিনি শেখ হাসিনার কর্মী হিসেবে, সিলেটবাসীর ভাই-বন্ধু হিসেবে বেঁচে থাকতে চান।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকার এমপি, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের জাতীয় পরিষদ সদস্য নূরুল আমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও সাইফুল আলম রুহেল। এছাড়াও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী শাহনাজ বেলী, আশিক ও স্থানীয় লোক সংগীত শিল্পীবৃন্দ।