সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বাংলাদেশের গণমানুষের দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটসহ সারাদেশে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে।
উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট সিলেট নগরী গড়তে তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ‘নৌকা’ মার্কায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
মুহিবুর রহমান মানিক আরও বলেছেন, আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি স্মার্ট নগরী উপহার দিবেন। সারাদেশের মধ্যে সিলেটই হবে সবচেয়ে দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরী। নগরবাসীর দুর্ভোগ-ভোগান্তি হ্রাস করে তিনি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবেন।
শনিবার, ২০ মে বিকেলে রিকাবীবাজারে কাজী নজরুল অডিটোরিয়ামে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেট মহানগরীতে বসবাসরত ছাতক-দোয়ারাবাজারবাসীর উদ্যোগে আয়োজিত মতিবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট রাজ উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম রশিদ আহমদ, সাবেক ছাত্রনেতা সায়াদুর রহমান সায়াদ ও দেওয়ান রুশো চৌধুরীর যৌথ পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সিসিক মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ঢাকা কেরানিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সানাওয়ার, জগদীশ চন্দ্র দাস, সদস্য মুক্তার খান, ছাতক পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক সৈয়দ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিসিক কাউন্সিল আফতাব হোসেন খান, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, কানাডা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, দোয়ারাবাজার সমিতির সভাপতি শমসের আলী, মাসুক আহমেদ তারেক, মহিতোষ মজুমদার, ছাতক সমিতির সভাপতি ফজর আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুম আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি